প্রযুক্তি ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেশন অনলাইন টেলিভিশন সেবা চালু করার ইঙ্গিত দিয়েছে। এই সেবার মাধ্যমে অনলাইনে একাধিক টেলিভিশন নেটওয়ার্ক যুক্ত করার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে।
অ্যাপলের অনলাইন টেলিভিশন সেবায় ২৫টি চ্যানেল থাকছে। এসব টেলিভিশনের অ্যাংকরিং করার জন্য এবিসি, সিবিএস এবং ফক্স চ্যানেলের অ্যাংকরদের আনা হবে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপলের অনলাইন টেলিভিশন অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস, আইফোন, আইপ্যাড এবং অ্যাপল টিভি সেট টপ বক্স দিয়ে দেখা যাবে।
অনলাইন টেলিভিশন সম্প্রচারের জন্য অ্যাপল ইতোমধ্যে ওয়াল্ট ডিজনি কোম্পানি, সিবিএস করপোরেশন এবং টোয়েন্টি ফাস্ট সেঞ্চুরি ফক্স ইনকরপোরেশন এবং অন্যান্য মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে আলাপ করছে। প্রতিষ্ঠানটি চাইছে পৃথিবীর বিখ্যাত সব টিভি নেটওয়ার্কের মত তাদের নেটওয়ার্ক তৈরি করতে।
ওয়াল স্ট্রিট জানিয়েছে, অ্যাপলের অনলাইন টিভি দেখার জন্য গ্রাহকদের মাসে ৩০ ত্রিশ থেকে ৪০ ডলার গুনতে হবে। গুগল পরিকল্পনা করছে জুনের মধ্যেই এ সেবার ঘোষণা দেবে। গ্রাহকদের অনলাইনে অ্যাপলের টিভি দেখার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অ্যাপলের অনলাইন টেলিভিশনের নিয়ে কথা বলতে নারাজ অ্যাপলের মুখপাত্র টম নিউমেয়ার। তিনি বলেন,‘অনলাইন টিভি নিয়ে অ্যাপল কোনো ধরণের মন্তব্য করতে রাজী নয়।’
অন্যদিকে ফক্স এবং সিবিসি টেলিভিশনের পক্ষ থেকেও কোনো ধরণের মন্তব্য পাওয়া যায়নি।

