আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে বুধবার ন্যাটোর বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাতে কুনার প্রদেশের নারাং জেলায় বিমান হামলা চালায় ন্যাটো বাহিনী। জেলাটি জঙ্গিদের দখলে।
এ সম্পর্কে কুনার প্রদেশের গভর্ণর শুজা উল-মুল্ক জালাল বলেন, গ্রামবাসীরা ১৪ জনের মৃতদেহ নিয়ে এসেছে, যাদের মধ্যে দুইজন শিশু। স্থানীয়দের দাবি, নিহতদের সবাই বেসামরিক নাগরিক। ঘটনাস্থলে আফগান সরকারের নিয়ন্ত্রণ কম থাকায় সেখানে ঠিক কি ঘটেছিল সেটা নিশ্চিত করে বলা কঠিন বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে আফগানিস্তানে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী জানিয়েছে, ঘটনাটি তারা খতিয়ে দেখছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র মেজর পল গ্রিনবার্গ বলেন, ‘মঙ্গলবার কুনারের দানগাম জেলায় যৌথবাহিনীর হামলায় অস্ত্রধারী একজন জঙ্গি নিহত হয়েছে। একই রাতে কুনার প্রদেশের নারাং জেলায় দ্বিতীয় অভিযানটি চালানো হয়। ঠিক কি পরিস্থিতিতে ওই হামলাটি চালানো হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।’
বিমান হামলায় যারা মারা যান তারা কোনো জঙ্গি সংগঠনের সদস্য নাকি বেসামরিক মানুষ সেটা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া কঠিন।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং এ হামলার জন্য তিনি যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে দায়ী করেছেন। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের নামে এ ধরনের হামলায় বার বার বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

