বিনোদন ডেস্ক : কাজী হায়াত ও তার ছেলে কাজী মারুফ আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘ছিন্নমূল’ নামের নতুন এই ছবির শুটিং শুরু হবে আসছে এপ্রিলে।
কাজী হায়তের পরিচালনায় ‘ছিন্নমূল’ ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে কাজী মারুফকে। তবে মারুফের বিপরীতে কে অভিনয় করছেন তা এখনও ঠিক হয়নি।
এদিকে আগামী ২৩ মার্চ এফডিসির ৭ নম্বর ফ্লোরে ‘ছিন্নমূল’ ছবির মহরত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহেই নরসিংদীতে ছবির শুটিং শুরু হবে। এরপর ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা হবে।
ছবির গল্প সম্পর্কে কাজী হায়াত বলেন, ‘আমার অন্যান্য ছবির মতো এই ছবির গল্পটিও সামাজিক অসঙ্গতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে গল্পের নায়কের জন্ম হয় গোয়ালন্দের পতিতাপল্লীতে। সেখানেই তার বেড়ে উঠা। কিন্তু পিতৃপরিচয় না থাকার কারণে সে ভোটার হতে পারে না।এ থেকেই এদেশের প্রতি তার এক ধরণের ঘৃণা জন্ম নেয়।’
উল্লেখ্য, গত বছর কাজী হায়াতের পরিচালনায় ‘সর্বনাশা ইয়াবা’ নামে একটি ছবি মুক্তি পেয়েছিলো। এতে নায়কের ভূমিকায় দেখা যায় পরিচালকের পুত্র কাজী মারুফকে।

