ঢাকাTuesday , 17 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেদের সেরাটাই খেলতে চায় বাংলাদেশ

Link Copied!

bangladesh-timস্পোর্টস  ডেস্ক : চলতি বিশ্বকাপে বাংলাদেশ দল খুবই ভালো খেলছে। এরই মধ্যে মাশরাফি বাহিনীর সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার  যে টার্গেট ছিল, সেটিও পূরণ হয়েছে। তাই এবার সমর্থকরা দলের কাছে আরও ভালো কিছুর প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান।
আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই সেমিফাইনাল। ভাবতেই শিহরিত হচ্ছেন অনেকে। কিন্তু সামনে যে বড় বাধার নাম ভারত! বিশ্বকাপে যারা এখনও কোনো ম্যাচে হারেনি। তবে বৃস্পতিবার মেলবোর্নে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে মোটেও ভয় পাচ্ছে না মাশরাফি বাহিনী। কারণ বাংলাদেশের দলীয় লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে খেলা। সেটি পূরণ হয়েছে। কাজেই ভারতের বিপক্ষে হারানোর কিছু নেই বলে মানছেন সাকিব।
ভারত বধের জন্য মঙ্গলবার মেলবোর্নে ঘামঝরানো অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘ দর্শকেরা দলের কাছে সব সময় অনেক কিছু প্রত্যাশা করে। তাদের প্রত্যাশামতো আমরা ভালো খেলেছি। আমাদের এখন প্রয়োজন খেলায় মনোযোগ দেয়া। আর খেলায় কীভাবে ভালো করতে হয়, সেটিই এখন মূল বিষয়। যদি সেটা ঠিকঠাক করতে পারি, আশা করি ফলই সব বলে দেবে। জয়-পরাজয় ব্যাপার নয়। যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, সেটিই হবে মূল বিষয়।’
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে ভারতের খেলোয়াড়দের খুব ভালো করে চেনেন সাকিব। এ বিষয়ে তিনি বলেন, ‘কলকাতার হয়ে আইপিএল ম্যাচ খেলেছি। ৮০ হাজারের বেশি দর্শক মাঠে থাকে। প্রত্যেক খেলায় গ্যালারি পূর্ণ থাকে। আমি জানি এ মাঠে কি হতে পারে। আমার অভিজ্ঞতা আমি সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করেছি।’
কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর পথে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। বিশ্বকাপে ভালো করায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন উঁচুতে বলে জানান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। তিনি বলেন, ‘এই প্রথম আমরা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলছি। তবে আমাদের বুঝতে হবে, এটা আরেকটা ম্যাচই হবে। অবশ্যই কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটি এক ম্যাচের খেলা। যদি দিনটা আমাদের হয় আর তাদের খারাপ হয়, তবে কেউ জানে না কী হবে।’
চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রস্তুতি সম্পর্কে সাকিব বলেন ,‘ আমার মনে হয় এবার আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম ম্যাচটা আমরা জিতেছি। যেটা আমাদের এগিয়ে চলতে সাহায্য করেছে। পেছন ফিরে তাকাতে হয়নি আর। গত বিশ্বকাপের ২-৩ জন পারফরমার আছে। এবার অনেকেই ভালো করছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা ভালো যে, দলে অনেকেই অবদান রাখছেন।
মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, ‘মাশরাফি ভাই সব সময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলে এবং তাদের উজ্জীবিত করার চেষ্টা করে। প্রত্যেকের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক তার। খেলোয়াড়রা তার কাছে আসে এবং স্বছন্দ বোধ করে। কোন রকম জড়তা ছাড়াই সমস্যা নিয়ে আলোচনা করতে পারা যায়। যা দলের জন্য খুব ভালো দিক।’
ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করলে তিনশো বা তার বেশি রান করতে চায় বাংলাদেশ। পেসাররা তাদের কাজটা ঠিকমতো করতে পারবেন বলে মনে করেন সাকিব। আর দলের সিনিয়র ক্রিকেটার ও সহ-অধিনায়ক হিসেবে নিজের কাজটাও করতে প্রস্তুত বলে জানান সাকিব।