ওবামা প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা বুধবার নিউইয়র্ক টাইমসকে জানান,‘ সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণের জন্য ঘাঁটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব।’ তবে এ জন্য এখনো কোনো স্থান নির্দিষ্ট করা হয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে বৃহস্পতিবার সকালে জেদ্দায় পৌঁছানোর আগেই এ ঘোষণা দেয়া হলো। জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের প্রতি সমর্থন আদায়ের জন্য বুধবার থেকে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন তিনি।.
বৃহস্পতিবার জেদ্দা বৈঠকে সৌদি আরব ছাড়াও মিশর, জর্দান, লেবানন, তুরস্ক ও ইরাকের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নিচ্ছেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। বৈঠকে তারা ইসলামি স্টেটের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার সময় তাদের দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া ওই বৈঠকে সিরিয়ায় আইএস যোদ্ধা এবং প্রেসিডেন্ট বাশির আল আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য সে দেশের মধ্যপন্থি বিদ্রোহীদের প্রশিক্ষণের বিষয়টি স্থান পাবে। সৌদি আরব ইতিমধ্যে সে দেশে বিদ্রোহীদের জন্য প্রশিক্ষণ বিদ্রোহীদের ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানান হয়েছে।
এ নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বাদশাহ আবদুল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।


