সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) হলে ওঠা নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হলে ওঠার অপেক্ষায় কমিটি পক্ষ ক্যাম্পাসে অবস্থান করছে।
অপরদিকে পদবঞ্চিত পক্ষ বিভিন্ন হলে অবস্থান করছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চৌধুরী পার্থের নেতৃত্বে কমিটির পক্ষের নেতারা ৭টি সিএনজি অটোরিকশাযোগে নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তারা উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন।
প্রায় দেড়ঘন্টাব্যাপী বৈঠকে ছাত্রলীগ নেতারা উপাচার্যকে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ক্যাম্পাসে রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মেধার ভিত্তিতে যারা হলে সিট পেয়েছেন তাদের হলে ওঠার ব্যবস্থা নেয়ার দাবি জানান।
যারা মেধার ভিত্তিতে হলে সিট পেয়েছে তাদের প্রক্টরিয়াল বডির মাধ্যমে হলে ওঠার সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এদিকে পদবঞ্চিত অঞ্জন-উত্তম গ্রুপের নেতাকর্মীরা আগ থেকেই হলে অবস্থান করছেন।
এ ব্যপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা রয়েছেন।’

