স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ গোলের ব্যবধানে হারাল রেড ডেভিলসরা। ইংলিশ প্রিমিয়ার লিগে এটা ম্যান ইউ’র এটা টানা তৃতীয় জয়। আগের দুই ম্যাচে সান্ডারল্যান্ড ও নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছিল লুইস ফন গালের শিষ্যরা।
এবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মারুয়ানে ফেল্লাইনির দুর্দান্ত এক গোলে খেলার নবম মিনিটেই এগিয়ে যায় ম্যান ইউ। মাইকেল ক্যারিকের পাস থেকে বল পেয়ে ডি বক্সের মধ্যে দ্রুত ঢুকে কোনাকুনি শটে গোল করেন এই বেলজিয়ান মিডফিল্ডার।
ম্যাচের ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ক্যারিক। কর্নার কিক থেকে ভেসে আসা বলে প্রথমে জোরালো হেড করেছিলেন ফেল্লাইনি; কিন্তু প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগের এক খেলোয়াড়ের তৎপরতায় সেটা জালে জড়ায়নি। ফিরতি বল পেয়ে আবারও হেড করেন ক্যারিক। এবার তার হেডে লক্ষ্যভেদ হলো, জড়িয়ে গেল টটেনহ্যামের জালে।
৩৪ মিনিটে ৩-০ করে জয় নিশ্চিত করেন দলের অধিনায়ক ওয়েন রুনি। ডি বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বল পায়ে ছুটে এসে একজনের বাধা এড়িয়ে এবং আরেকজনকে কাটিয়ে ডান পায়ের শটে গোলটি করেন ইংলিশ এই স্ট্রাইকার।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখেন ম্যানেইউ। ব্যবধান বাড়ানোর কয়েকটা সুযোগও পায় ফন গালের শিষ্যরা। কিন্তু আর গোল হয়নি। এই জয়ের সুবাদে লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট দাঁড়াল ২৯ ম্যাচে ৫৬।

