এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। এখন সম্ভাব্য তিনটি তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় যে তারিখটি অনুমোদন দেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (৩ জুলাই) এই তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেছেন, ফলাফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে প্রস্তাব পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় তারিখ নির্ধারণ করে অনুমোদন দিলেই সেই তারিখে ফল প্রকাশ করা হবে। সম্ভাব্য তারিখগুলো কী হতে পারে এমন প্রশ্নে ঢাকা বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এটি এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু সবশেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছিল, সেই হিসাবে নিয়ম (৬০ কর্মদিবস) অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সব কিছু ঠিক থাকলে এ সময়ের মধ্যেই ফল পাবে পরীক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য মতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এ ছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

