তথ্যপ্রযুক্তি ডেস্ক : আজ বিশ্ব পাই দিবস। গাণিতিক ধ্রবক পাইয়ের সম্মানে দিবসটি উদযাপন করা হয়। পাইয়ের মান প্রায় ৩.১৪ তাই প্রতি বছর মার্চের ১৪ তারিখ পাই দিবস পালন করা হয়। আপেক্ষিকতার তত্ত্ব উদ্ভাবনকারী বিজ্ঞানী আইনস্টাইনেরও জন্মদিন আজ। তাই দেশে দেশে এ দিন কেক কেটে গণিতজ্ঞরা দিবসটি পালন করেন।
১৯৮৮ সালে প্রথমবারের মতো পাই দিবস পালিত হয় আমরিকার স্যান ফ্রানসিস্কোর একটি বিজ্ঞান জাদুঘরে। ওই জাদুঘরের কর্মকর্তা পদার্থবিদ ল্যারি শ এই দিবস উদযাপনের উদ্যোক্তা। তাই তাকে বলা হয় ‘পাই এর রাজপুত্র’। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে ২০০৬ সাল থেকে বাংলাদেশেও পাই দিবস উদযাপিত হচ্ছে।
বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, ‘প্রতিবছর পাই দিবসে বিশেষ আয়োজন করা হয়। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে এবার বড় ধরনের কোন অনুষ্ঠান করা হচ্ছে না। রাজধানীর আদাবরে ১১তম বাংলাদেশ গণিত ক্যাম্প চলছে। পাই দিবস উপলক্ষে আজ রাতে শিক্ষার্থীদের নিয়ে সেখানে কেক কাটা হবে।’
গণিতে যে কয়টা ধ্রুবক মান রয়েছে তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত ও উল্লেখযোগ্য হলো পাই এর মান। এই মান ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯…। আর এভাবেই চলতে থাকে রহস্যময় সংখ্যাটি। এর শেষ কোথায় কেউ তা বলতে পারে না। অদ্ভুত সুন্দর ও অমীমাংসিত রহস্যময় পাই নিয়ে আজও গবেষণা চলছেই।

