চীনের হুবেই প্রদেশ ও বাংলাদেশের বিজ্ঞান, শিক্ষা এবং উদ্ভাবনের নেতৃবৃন্দকে একত্রিত করে গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন সহযোগিতা বিনিময় সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) ঢাকার সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে চীন দূতাবাসের সাংস্কৃতিক পরামর্শক লি শাওপেং সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চীনের হুবেই প্রদেশের উহানে অবস্থিত হাই চুয়াং ইউন ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ সেন্টারের পরিচালক হে কুই ওয়েন হুবেই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।
সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিকবিষয়ক উপ-পরিচালক সৈয়দ রায়হান- উল ইসলাম এবং মালিশাএডু’র ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ মোল্লাহ বক্তব্য রাখেন।
চীনের হুবেই প্রদেশের ১০টি শীর্ষ প্রতিষ্ঠানের ১৪ জন প্রতিনিধি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুষদ সদস্যরা এই সম্মেলনে অংশ নেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং হুবেই ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সচেঞ্জ সেন্টার যৌথভাবে মালিশাএডু’র সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে হুবেইনের শীর্ষ প্রতিষ্ঠান থেকে যোগ দেওয়া বিশেষজ্ঞরা চিকিৎসা ও বৈজ্ঞানিক উন্নয়নের ওপর চারটি মূল্যবান অন্তর্দৃষ্টি উপস্থাপনা তুলে ধরেন।
উপস্থাপনকারী বিশেষজ্ঞরা হলেন ইউনিয়ন হাসপাতালের অধ্যাপক ঝাও লেই, হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টংজি মেডিকেল কলেজের অধ্যাপক গুয়ান নিয়ানকিয়াও, হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল অ্যান্ড হেলথ কলেজের অধ্যাপক ডং ঝিকিয়াং এবং হুবেই ইউনিভার্সিটি অব চাইনিজ মেডিসিনের অধ্যাপক জু হাই।
পরে প্রতিনিধিদল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শেষ করেন, যা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও গবেষণা সহযোগিতা গড়ে তোলার একটি আনুষ্ঠানিক পদক্ষেপ। সম্মেলনে সহযোগিতা প্রকল্পের জন্য তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

