বিনোদন ডেস্ক : অভিনেতা নিরব ও নবাগত নায়িকা তানহা এখন কক্সবাজারে। কারণ সেখানে চলছে রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবির শুটিং।
আর এই ছবিতে রুদ্র চরিত্রে নিরব আর নীলাঞ্জনার ভূমিকায় দেখা যাবে তানহাকে। কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ১৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে ‘ভোলা তো যায় না তারে’ ছবির কয়েকটি গানের চিত্রধারণের কাজ। ইতিমধ্যে ‘ভোলা তো যায় না তারে’ শিরোনামে টাইটেল গানটির চিত্রধারণের কাজ শুরু হয়েছে। জনি হকের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরেফিন রুমী।
এদিকে কাজের ফাঁকে নিরব মুঠোফোনে জানান, ‘ছবির গল্পটি অন্য সব ছবি থেকে আলাদা। এখানে হিন্দু ও মুসলিম দুই পরিবারের গল্প নিয়ে কাহিনী এগিয়ে যাবে। এতে রুদ্র মুসলিম ঘরের ছেলে আর নীলাঞ্জনী হিন্দু ধর্মাবলম্বী।’ ধলেশ্বরী ফিল্মসের প্রযোজনায় ‘ভোলা তো যায় না তারে’ ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। শুটিং শেষে শিগগিরই ছবিটি মুক্তি দিতে চান পরিচালক।

