বিনোদন ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে ‘ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন ২য় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’। উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে চার দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে ১৭ মার্চ পর্যন্ত। বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াতকে উৎসবটি উৎসর্গ করা হবে।
আজ বিকেল ৪টায় শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে এবারের উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেত্রী সারাহ বেগম কবরী।
দেশ-বিদেশের নানান স্বাদের নানান বৈচিত্র্যের সৃজনশীল চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র দর্শকদের বিশেষ করে নারীদের বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া এবং বাংলাদেশের নারীদের চলচ্চিত্র নির্মাণে আগ্রহী করে দেবে এ উৎসব। এবারও উৎসবের শ্লোগান ‘নারীর চোখে চলচ্চিত্র’।
এবারের উৎসবে ৩০টি দেশের নারী নির্মাতের তৈরি ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে বাংলাদেশী নারী নির্মাতাদের চলচ্চিত্র থাকছে ৫টি। উৎসবে প্রদর্শিত ছবিগুলোর মধ্যে থাকবে পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও এনিমেশন চলচ্চিত্র।
এ উৎসবে প্রদর্শিত ছবিগুলোর মধ্য থেকে দর্শক ভোটে ৫টি ছবিকে দেয়া হবে অডিয়েন্স এ্যাওয়ার্ড । উৎসবটি অনুষ্ঠিত হবে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী চত্বরে। শওকত ওসমান মিলনায়তন ও সেমিনার হলে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
উৎসবের ছবিগুলো ১৫ থেকে ১৭ মার্চ প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা ও বিকেল ৫টায় প্রদর্শিত হবে। উৎসবের সকল প্রদর্শনী নারীরা বিনাটিকেটে উপভোগ করতে পারবেন। উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে দেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান নির্মিত চলচ্চিত্র ‘আকাশ কত দূরে’।
চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি এবারের উৎসব চলাকালে অনুষ্ঠিত হবে কর্মশালা ও সেমিনার। ১৫ ও ১৬ মার্চ নারীদের জন্য অনুষ্ঠিত হবে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক এ কর্মশালা। কর্মশালায় অংশ দিতে কোন ধরনের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। ১৭ মার্চ অনুষ্ঠিত হবে সেমিনার।
এ বছর উৎসবের টাইটেল স্পন্সর ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন। উৎসবে আরো সহযোগীতা করেছে আরএফএল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্টার কম্পিউটার সিস্টেমস্ লিমিটেড এবং সেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন শোণিত। উৎসবের গ্লোবাল নেটওয়ার্কিং পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল উইমেন্স ফিল্ম ফেস্টিভাল নেটওয়ার্ক, মেক্সিকান ফিল্ম ইনিষ্টিটিউট এবং নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান উইমেন মেইক মুভিজ।

