ঢাকাSaturday , 14 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সতীর্থদের প্রতি মিসবাহর আহ্বান

Link Copied!

masbahস্পোর্টস ডেস্ক : গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান দল যে খেলা দেখিয়ে এসেছে, পরবর্তী ম্যাচগুলোতেও সে ধারাবাহিকতা বজার রাখার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন দলনায়ক মিসবাহ-উল হক। আয়ারল্যান্ডের বিপক্ষে রোববার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার আগেরদিন তিনি এ আহ্বান জানান।
রোববার পাকিস্তানের মরন-বাঁচন লড়াইয়ে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। এই ম্যাচে জয়ী দলটিই সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। আর হেরে যাওয়া দলটির কোয়ার্টারের স্বপ্ন অনেক ‘যদি’ ও ‘কিন্তু’র ওপর ঝুলে থাকবে। অন্য ম্যাচে আরব আমিরাতকে হারাতে পারলে ওয়েস্ট ইন্ডিজেরও কোয়ার্টার ফাইনালে যাওয়ার দরজা অনেকটা খুলে যাবে। যদিও পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে হেরে যাওয়া দলের সঙ্গে রানরেটের হিসেবের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে তলানিতে থাকা পাকিস্তান পরের তিন ম্যাচ জিতে নিজেদের ‘আনপ্রেডিক্টেবল’ তকমাটাই যেন ফিরিয়ে আনল। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২২ রানে গুটিয়ে গিয়েও প্রোটিয়াদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে যেভাবে জয় ছিনিয়ে আনল মিসবাহর দল, তা প্রশংসার দাবি রাখে।
বলা যায়, একেবারে খাদের কিনারা থেকে উঠে এসেছে পাকিস্তান। সামনের ম্যাচগুলোতে দুর্দান্ত কিছু করার সুযোগ রয়েছে দলটির সামনে। ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তো মিসবাহকে বলেই দিয়েছেন, কোয়ার্টারে অস্ট্রেলিয়াকে হারাও, তবে বিশ্বকাপ জিতে যাবে। এবার সেই সুযোগগুলোই হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক।
মিসবাহ বলেন, ‘আমরা বিশ্বকাপে নতুন জীবন লাভ করেছি। নিশ্চিত করতে হবে যে, আমরা এটিকে অপচয় করবো না। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে জিততে হবে। এরপরের তিনটি ম্যাচ তো নকআউট। সেই তিনটি জিততে পারলেই শিরোপা আমাদের।’
সামনের ম্যাচগুলোতে ভুল করার কোনো সুযোগ নেই এবং জয়ের বিকল্প নেই বলে জানান পাক দলনায়ক। তিনি বলেন, ‘আগামী ম্যাচগুলোতে আর দ্বিতীয় কোন সুযোগ থাকবে না। মাঠে নামো, ইতিবাচক হও। বোলিংয়ে উইকেট তুলে নাও, ব্যাটিংয়ে নেমে রান করো। টুর্নামেন্ট জুড়ে আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। এখন ব্যাটসম্যানদের কিছু করে দেখানোর সময় এসেছে।’
চলতি বিশ্বকাপে ব্যাটিংয়ে পাকিস্তানের অবস্থা যাচ্ছেতাই। একমাত্র মিসবা ‘ই রয়েছেন ফর্মে। পাঁচ ম্যাচের চারটিতে অর্ধশতক করে দলকে বারবার ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করেছেন। মাত্র একটি ম্যাচে পাকিস্তান ২৫০’র বেশি করতে পেরেছে। আগামী ম্যাচগুলোতে এই অবস্থার পরিবর্তন চান মিসবাহ।
পাকিস্তানের এই বর্ষীয়ান তারকা বলেন, ‘এবারের বিশ্বকাপের সাফল্যের মূলভিত্তি হলো ৩৫ ওভার পর্যন্ত উইকেট হাতে রেখে শেষের দিকে মেরে খেলে বড় স্কোর সংগ্রহ করা। যারা এটি করতে পারবে তাদের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ। আমাদের ব্যাটিংয়ে কাউকে লম্বা সময় ধরে ব্যাটিং করতে হবে। নতুবা আমাদের জন্য বড় রান করা কষ্টসাধ্য হয়ে পড়বে।’
২০০৭ বিশ্বকাপে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেয় আয়ারল্যান্ড। তাই রোববারের ম্যাচ নিয়ে মিসবাহ সতর্ক। আইরিশদের হারাতে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে বলে জানান তিনি।
মিসবাহ বলেন, ‘সেটি আট বছর আগের ঘটনা। আর আমরা পেছনে ফিরে তাকাতে চাই না। তবে আমি একমত, তারা ভয়ংকর দল। তাদের ব্যাটিংয়ের গভীরতা সম্পর্কে সবাই ওয়াকিবহাল। তাদেরকে হারাতে হলে আমাদেরকে সেরা খেলাটা খেলতে হবে।
পাকিস্তানের এই দলটির সঙ্গে ১৯৯২ বিশ্বকাপের পাক দলের মিল রয়েছে। সেবারও শুরু থেকে ধুঁকতে থাকা পাকিস্তান ইমরান খানের নেতৃত্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছিল। মিসবাহ এটিকে অনুপ্রেরণা মানলেও ২৩ বছর আগের ঘটনা নিয়ে স্বপ্ন দেখলেই যে সফলতা আসবে না সেটিও মনে করিয়ে দেন তিনি।
মিসবাহ বলেন, ‘আমরা ১৯৯২ বিশ্বকাপ থেকে ইতিবাচক কিছু নিতে পারি এবং এ থেকে অনুপ্রেরণা নিতে পারি। তবে আমরা এটি বলতে পারি না যে, ১৯৯২ সালে পেরেছি বলে এবারও পারবো। সফলতার জন্য আমাদের তো মাঠে নেমে ভালো খেলতে হবে!’