প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নিলো প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে উড়িয়ে দিয়ে প্রথমবারের এ জয়ের আনন্দে ভাসল লুইস এনরিকের দল। শনিবার রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার ফাইনালে ৫ গোল দিয়েছে পিএসজি। বিপরীতে কোন গোল হজম করতে হয়নি তাদেরকে। ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে লা প্যারিসিয়ানরা। ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে পিএসজি। ম্যাচের ১২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি। গোলের সামনে ফাঁকায় দাঁড়ানো সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ ফুলব্যাককে দিয়ে গোল করান তরুণ ডিয়েসারি দুয়ে। ২১ বছর বয়সী নতুন নেইমার খ্যাত ফ্রেঞ্চম্যান দুয়ে ২০ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি গড়েন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটর দুয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ইন্টার মিলানের ঘুরে দাঁড়ানোর বেঁচে থাকা সামান্য আশা শেষ করে দেন। এরপর ম্যাচের ৭৩ মিনিটে ম্যাচের চতুর্থ গোল করেন শীতকালীন দলবদলে নাপোলি থেকে প্যারিসের ক্লাবে যোগ দেওয়া জর্জিয়ান তরুণ খাভিচা খাভারস্তকেলিয়া। বদলি নেমে মায়ুলু ৮৬ মিনিটি ইন্টারের জালে শেষ পেরেক ঠুকে দেন। এ নিয়ে তিন মৌসুমের মধ্যে দু’বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারল ইনজাঘির ইন্টার। অন্যদিকে পিএসজি দু’বার ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে উঠে শিরোপা জিতল। মার্সেইয়ের পরে দ্বিতীয় ফ্রেঞ্চ ক্লাব হিসেবে জিতল চ্যাম্পিয়ন্স লিগ।

