বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। প্রথমে নবাগত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর সবশেষ লাহোরে পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারের মুখ দেখেছে টাইগাররা। এবারের সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই দল। ম্যাচটিতে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। রবিবার (০১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। আগের দুই ম্যাচের মত আজকের ম্যাচটিও শুরু হবে রাত নয়টায়। এই ম্যাচে বাংলাদেশ দলে আসতে যাচ্ছে বেশ কয়েকটি পরিবর্তন। বিশেষ করে পেসার শরিফুল ইসলামের জায়গায় দেখা যাবে নতুন কাউকে। আগের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। তাই একটি পরিবর্তন আসছে নিশ্চিত। সম্ভাবনা বিবেচনায় একাদশে অতিরিক্ত স্পিনারও দেখা যেতে পারে। সেক্ষেত্রে তানভীর ইসলামের খেলার জোর সম্ভাবনা রয়েছে। দুই ম্যাচের অফফর্মের কারণে জায়গা হারাতে পারেন পারভেজ হোসেন ইমন। তার জায়গায় দলে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া বাকি একাদশ অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। যেমন হতে পারে বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

