নবন্যার ম্যাচে লাহোরের শিরোপা পুনরুদ্ধারের মধ্য দিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএলের) পর্দা নামলো। রানের উৎসব আর ঝোড়ো গতির ব্যাটিং দিয়ে লাহোরকে শিরোপা এনে দিলেন কুশাল পেরেরা এবং সিকান্দার রাজা। শেষ ৩ ওভারে ৪৭ আর শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মিলিয়ে লাহোরকে ৩য় শিরোপা এনে দেন তারা। রবিবার (২৫ মে) রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে সিকান্দার রাজা ৭ বলে ২২ এবং কুশাল পেরেরা ৩১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন। দুজনের এমন বিধ্বংসী ইনিংসে ভর করেই ১ বল হাতে রেখে কোয়েটার দেয়া ২০২ রানের টার্গেট পেরিয়ে যায় লাহোর কালান্দার্স। সেই সঙ্গে এক বিশ্বরেকর্ডেও নাম তুলেছে দলটা। টি-টোয়েন্টি ইতিহাসে কোনো স্বীকৃত টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। লাহোরই প্রথম দল যারা কোনো ফাইনালে ২০০ এর বেশি টার্ফেট সফলভাবে তাড়া করেছে। এর আগে, আইপিএলে এই রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের। ২০১৪ আইপিএলের ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২০০ রান তাড়া করেছিল শাহরুখ খানের দল। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন সেই দলে। এবারে অবশ্য লাহোরের স্কোয়াডে সাকিবের সঙ্গে ছিলেন রিশাদ হোসেন এবং মেহেদি হাসান মিরাজ। তবে সাকিব, মিরাজ একাদশে জায়গা না পেলেও রিশাদ জায়গা পেয়েছেন। এই ফাইনাল দিয়ে পিএসএলের সবচেয়ে সফল দল হয়ে উঠেছে লাহোর কালান্দার্স। ২০২২ এবং ২০২৩ সালের পিএসএল জিতেছিল লাহোর। মাঝে ২০২৪ সালে শ্রেষ্ঠত্ব ধরে রাখা হয়নি। ২০২৫ সালে এসে ফের পিএসএল চ্যাম্পিয়ন হলো শাহিন আফ্রিদির দল। আর অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদি নিশ্চিত করলেন নিজের তৃতীয় শিরোপা।

