সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হারের পর থেকে সমালোচনার কেন্দ্রে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে মরুর বুকে সেই পরাজয়ের পরও বিশ্রামের সুযোগ মিলছে না তাদের। সামনে অপেক্ষায় আরও একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে ঘিরে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। নিরাপত্তা এবং কূটনৈতিক জটিলতা এড়াতে এমন ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বহরে ১০ জনের একটি দল রওনা দেয়, যার মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। সঙ্গে ছিলেন টিম ম্যানেজার নাফিস ইকবালসহ কয়েকজন সাপোর্ট স্টাফ। এরপর আজ (সোমবার) সকালে দ্বিতীয় বহরও পৌঁছেছে পাকিস্তানের লাহোরে। এই দলে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান। বিসিবি অবশ্য পাকিস্তান সফরের জন্য কাউকে জোর করেনি। ফলে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এই সফরে যাচ্ছেন না। এদিকে, ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ঢুকেছেন খালেদ আহমেদ। তিনি সরাসরি পাকিস্তান গেছেন। নতুন করে দলে যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজও, যিনি বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন। সেখানে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মে প্রথম ম্যাচ দিয়ে। পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৩০ মে এবং ১ জুন। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

