আইপিএলে বাংলাদেশের সফলতম বোলার হিসেবে এতদিন শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। এবার সেই জায়গায় উঠে এলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে সাকিবকে পেছনে ফেলেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। শনিবার (২৪ মে) জয়পুরে চার ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। এতে করে আইপিএলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৬০ ম্যাচে ৬৫টি। অন্যদিকে, সাকিব আল হাসানের নামের পাশে রয়েছে ৭১ ম্যাচে ৬৩ উইকেট। মুস্তাফিজের এই নৈপুণ্যের বড় অবদানেই দিল্লি জিতেছে ৬ উইকেটে। চলতি মৌসুমে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লিতে যোগ দেন মোস্তাফিজুর রহমান। দলটির হয়ে খেলেছেন ৩টি ম্যাচ, তাতে নিয়েছেন মোট ৪টি উইকেট। তবে এখানেই শেষ তার এবারের আইপিএল যাত্রা। কারণ দিল্লি ক্যাপিটালস প্লে-অফে উঠতে পারেনি। অন্যদিকে, সাকিব আল হাসান খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তার দল লাহোর কালান্দার্স আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়টর্সের সঙ্গে।

