ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোটে পাকিস্তান সিরিজ শেষ সৌম্যর, ফিরলেন মিরাজ

Link Copied!

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। পিঠের চোটের কারণে তিন ম্যাচের এই সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার সৌম্য সরকার। তার বদলে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় এক সপ্তাহ ধরে পিঠের ডান পাশের নিচের অংশে ব্যথায় ভুগছেন সৌম্য। এই চোট থেকে সেরে উঠতে তার ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন। এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শারীরিক পরীক্ষার পর জানা গেছে, তার চোটের জন্য প্রায় ১০ থেকে ১২ দিনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এর ফলে পরিষ্কার যে তিনি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না।’ এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ অবস্থান করছেন পাকিস্তানেই। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। আজ রাতে এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে তার দল। লাহোরের হয়ে আরও খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও রিশাদ হাসান। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রাথমিক স্কোয়াডে মিরাজকে রাখা হয়নি। এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বলেছিলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে মিরাজের বোলিং খুব একটা কার্যকর নয়। তবে তিনি এটাও যোগ করেন, ‘মিরাজ খুব পরিশ্রমী। ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই, শুধু বোলিংটা যদি টি-টোয়েন্টির মতো হয়, তাহলে আশা করছি মিরাজ দলে ফিরবে এবং ভালো করব।’বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি খেলেছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। পিএসএল শেষ করেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।