নচেস্টার সিটির হয়ে ইতিহাদ স্টেডিয়ামে শেষ হোম ম্যাচ খেলে ফেলেছেন কেভিন ডে ব্রুইনা। দীর্ঘ দশ বছরের গৌরবময় অধ্যায়ের ইতি টানার মুহূর্তটি আবেগে ভেসেছে পুরো স্টেডিয়াম। ম্যাচজয়ের আনন্দের পাশাপাশি ডি ব্রুইনার বিদায়ে কেঁদেছেন ভক্ত-সমর্থকরা। মঙ্গলবার (২০ মে) প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানসিটি। স্বাগতিকদের হয়ে গোল করেছেন ওমর মারমুশ, বার্নার্দো সিলভা ও নিকো গঞ্জালেজ। এ জয়ে সিটি পয়েন্ট তালিকায় উঠে এসেছে তৃতীয় স্থানে। তাদের সংগ্রহ এখন ৬৮ পয়েন্ট। এক ম্যাচ হাতে রেখেই তারা নিউক্যাসল ইউনাইটেড, চেলসি ও অ্যাস্টন ভিলার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে। ঘটনাবহুল ম্যাচটিতে উভয় দলই শেষ করেছে ১০ জন করে খেলোয়াড় নিয়ে। ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ড দেখেন সিটির মাতেও কোভাচিচ। ছয় মিনিট পর বোর্নমাউথের লুইস কুকও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ম্যাচটির মূল আকর্ষণ ছিলেন কেভিন ডে ব্রুইনা। মাঠে শেষবারের মতো নামার এই ম্যাচে তাকে সম্মান জানিয়ে স্টেডিয়ামের দেয়ালে একটি বিশেষ চিত্রাঙ্কন করা হয়। যেখানে তাকে ইয়ায়া তুরে, জো হার্ট, ডেভিড সিলভা, ভিনসেন্ট কোম্পানি, সার্জিও আগুয়েরো, ফার্নানদিনহো ও ইলকাই গুনদোগানের কাতারে রাখা হয়। প্রথমার্ধে মারমুশের নিচু ক্রস থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন ডি ব্রুইনা। খুব কাছ থেকে শট নেন ক্রসবারের ওপর দিয়ে, এরপর হতাশায় মাথা চেপে বসে পড়েন মাঠে। ৬৯ মিনিটে যখন ডি ব্রুইনা পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠ ছাড়েন, তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। পরে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি। স্টেডিয়ামের পর্দায় দেখানো হয় তার জন্য তৈরি একটি শ্রদ্ধা ভিডিও ‘কিং কেভ’। ২০১৫ সালে ম্যানসিটিতে যোগ দেওয়া ডি ব্রুইনা ক্লাবটির হয়ে জিতেছেন ১৬টি শিরোপা। এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ ট্রফি ও ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার লিগ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। সাম্প্রতিক মৌসুমগুলোয় চোটের কারণে ভুগলেও এখনো নিজেকে প্রিমিয়ার লিগের উপযোগী বলে মনে করেন তিনি। নতুন চুক্তি না পাওয়ায় কিছুটা বিস্মিতও। ম্যাচের ১৪ মিনিটে মারমুশ ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে সিটিকে এগিয়ে নেন। ৩৮ মিনিটে গুনদোগানের ব্যাকপাস থেকে সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। ৮৯ মিনিটে গঞ্জালেজ ডিপ থেকে দৌড়ে গোল করে ব্যবধান করে ৩-০। ম্যাচের শেষদিকে বোর্নমাউথের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন ড্যানিয়েল জেবিসন। এই ম্যাচ দিয়েই দীর্ঘ আট মাস পর মাঠে ফেরেন মিডফিল্ডার রদ্রি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে থাকা ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই খেলোয়াড়কেও দাঁড়িয়ে অভ্যর্থনা জানান দর্শকরা ।

