সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এরপর সেখান থেকে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেত লিটন দাসের দল। তবে পাকিস্তান সিরিজটি দুইদিন পিছিয়ে যাওয়ায়, বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বিসিবির প্রস্তাবে সাড়া দিয়ে অতিরিক্ত একটি ম্যাচে অংশ নিতে সম্মত হয়েছে আমিরাতি ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার (১৯ মে) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে এসিবি। সেই অনুযায়ী, সোমবার (১৯ মে) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আমিরাত। অতিরিক্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। সিরিজের আগের ম্যাচগুলোর মতো এটিও শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। এর আগে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজও দুইদিন পিছিয়ে দিতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই বাড়তি সময় কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমিরাতকে আরও একটি ম্যাচের প্রস্তাব দেয়। আমিরাত সফর শেষে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২৭ ও ২৮ মে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে, ১ জুন ও ৩ জুন।

