স্পোর্টস ডেস্ক : হ্যামিল্টনের সেডন পার্কে মুখোমুখি বাংলাদেশ এবং নিউজিলান্ড। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ গড়লো ২৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর। তবে এই স্কোর গড়ার পথটি খুব বেশি মসৃন ছিল না। একে তো কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার ওপর, মাঠে ছিল অসংখ্য পোকার আকমণ। অনাংখিত এসব অতিথির আক্রমণে বেশ কয়েকবার অতিষ্ঠ হয়ে উঠতে দেখা গেছে দু’দলের ক্রিকেটারদের।
হঠাৎই একবার দেখা গেলো হেলমেট এবং গ্লাভস খুলে হাত-পা চুলকাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে দেখা গেছে, পোকার আক্রমণেই এমন হচ্ছে। খেলোয়াড়ের জার্সি-ট্রাউজারের ভেতর পর্যন্ত পোকা প্রবেশ করে যন্ত্রণা তৈরী করেছিল।
শুধু বাংলাদেশের ব্যাটসম্যানই নয়, ফিল্ডিং করতে নামা নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরও দেখা গেছে পোকার আক্রমণে শরীর চুলকাতে। একসময় তো দেখা গেছে ম্যাককুলামকে চিৎকার করে স্প্রে চাইতে। ব্যাটসম্যান এবং ফিল্ডারদের স্প্রে করে পোকার আক্রমণ থেকে বাঁচাতেও দেখা গেছে।
এমনকি মাঠের বাইরে গ্যালারিতে বসা দর্শকরা পর্যন্ত রেহাই পায়নি পোকার আক্রমণ থেকে। দর্শকদের পর্যন্ত দেখা গেছে পোকার আক্রমণ থেকে বাঁচতে শরীরে বিশেষ ধরনের স্প্রে করতে।

