ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরের ইতিহাসে প্রথম মেজর শিরোপা প্যালেসের

Link Copied!

পুরো মৌসুমজুড়েই একের পর এক ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। তিনটি বড় প্রতিযোগিতা থেকে বিদায়ের পর এফএ কাপে চ্যাম্পিয়ন হয়ে অন্তত একটি শিরোপা ঘরে তোলার আশা করেছিলেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু সেখানেও হতাশ করল তার দল। ইতিহাসে কোনো মেজর ট্রফি না জেতা ক্রিস্টাল প্যালেসই এবার সিটির সেই ক্ষতটা আরও গভীর করল। শনিবার (১৭ মে) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এফএ কাপের ফাইনালে ১-০ গোলের জয়ে চমক দেখায় প্যালেস। ম্যাচের একমাত্র গোলটি আসে ষোড়শ মিনিটে। ড্যানিয়েল মুনোজের বাড়ানো বল থেকে দুর্দান্ত ভলিতে দলকে এগিয়ে দেন এভরেচি এজে। সেটিই হয় শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেওয়া মুহূর্ত। এ নিয়ে টানা দ্বিতীয়বার এফএ কাপের ফাইনালে হারল ম্যানসিটি। বল দখলে ৭৫ শতাংশ এবং ২৩টি শট নেওয়ার পরও গোলের দেখা পায়নি তারা। পুরো ম্যাচজুড়েই একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও সিটি বারবার থেমেছে প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসনের দেয়ালে। তিনি শুধু গুরুত্বপূর্ণ একাধিক সেভই করেননি, ঠেকিয়েছেন প্রথমার্ধে ওমর মার্মাউশের নেওয়া একটি পেনাল্টিও। এর আগেও দুবার এফএ কাপের ফাইনাল খেলেছিল প্যালেস। দুইবারই তাদের থামিয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার সেই অতীতের শোধ যেন নিয়েছে তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ম্যাচের শেষ দিকে মুনোজ আরেকটি গোল করলেও তা ভিএআরে বাতিল হয় অফসাইডের কারণে। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি সিটি। ম্যাচের যোগ করা সময়েও তাদের আধিপত্য ছিল, কিন্তু কোনো সফলতা মেলেনি। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জয়ের উল্লাসে মাতল প্যালেস।