নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালযের (জবি) সনাতন পদ্ধতিতে অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা নতুন করে মানোন্নয়ন করার সুযোগ পাচ্ছে।
জবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ৩১তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০০৮ সালের সনাতন পদ্ধতির শিক্ষার্থীদের বিশেষ মানোন্নয়ন পরীক্ষা-২০১১ এর অনুমতি দেয়া হয়েছিল। এমতাবস্থায় অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালের শিক্ষার্থীদের বিশেষ মানোন্নয়ন পরীক্ষা ২০১১-এ অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালের শিক্ষার্থীদের মধ্যে মানোন্নয়ন পরীক্ষা ২০১১-এ অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ৬ এপ্রিলের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালের অনার্স পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় শ্রেণী/পাস ডিগ্রী প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের সিলেবাসের অন্তর্ভূক্ত ১ম হতে ৪র্থ বর্ষ পর্যন্ত ৪৫ শতাংশের নিচে যে কোনো তিনটি পত্রের মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবে।

