স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপে নিউজিল্যান্ড হয়ে উঠেছে প্রতিপক্ষের দুঃস্বপ্ন। এখনও পর্যন্ত তাদের সামনে দাঁড়িয়ে কোন দল জয় তুলে নিতে পারেনি। সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। ইতোমধ্যেই তার দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। শুক্রবার হ্যামিল্টনে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। এরই মধ্যে মাশরাফির দলও উঠে গিয়েছে কোয়ার্টারে। তাই দু’দলের জন্য ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে একরকম অনুশীলন ম্যাচ। বাংলাদেশের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ, জিতলে কোয়ার্টারে ফাইনালে ভারতকে এড়াতে পারবে টাইগাররা।
পাঁচ ম্যাচের সবগুলো জেতা নিউজিল্যান্ড ভয় পাচ্ছে বাংলাদেশের পেসারদের। কিউই অধিনায়কের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে মাশরাফি-রুবেল-তাসকিনরা। ম্যাককালামের ভাষায়, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বেশ কয়েকজন দ্রুতগতির পেসারকে দেখেছি। বল হাতে দারুণ করেছে। দুই বছর আগে যেমন ছিল তার চেয়ে বেশি তারা পরিণত এবং ভয়ংকর।’
অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ইংল্যান্ড এই বড় দলগুলো পাত্তাই পায়নি নিউজিল্যান্ডের কাছে। অথচ ম্যাককালাম বলছেন বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়াটা অত সহজ হবে না,‘আগামীকালের (শুক্রবার) ম্যাচটি জেতা আমাদের জন্য কঠিন হবে। বাংলাদেশের পেস বোলাররা আমাদের সহজে জিততে দেবে না। তবে আমরাও তৈরি। বিশ্বকাপে আমরা ভাল ভাল বেশ ক’জন বোলারের মুখোমুখি হয়েছি এবং তাদেরকে ভালভাবেই উতরে গেছেন আমাদের ব্যাটসম্যানরা’।

