স্পোর্টস ডেস্ক : আর্থিক সংকটের কারণে পাকিস্তানের ‘চাচা’ (আসল) আবদুল জলিল এখনও পর্যন্ত গ্যালারিতে বসে বিশ্বকাপের ম্যাচে মাঠ মাতাতে পারেননি। কিন্তু তার ‘চেহারা-সদৃশ’ আরেক চাচা মোহাম্মদ বশিরের গ্যালারিতে স্বপ্রতিভ উপস্থিতি। পাকিস্তান মানেই গ্যালারিতে উপস্থিত হবেন তিনি। এবং দলকে উৎসাহ দিয়ে দিয়ে যাবেন।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে বসবাসকারী পাকিস্তানি নাগরিক মোহাম্মদ বশির পাকিস্তান ক্রিকেট দল যেখানেই খেলুক না কেনো, মিসবাহদের সমর্থন জানানোর জন্য সেখানে গিয়ে উপস্থিত হবেনই। তবে ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির জন্যও তার অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা রয়েছে। এজন্য পাকিস্তানের অনেক ভক্ত-সমর্থকের কাছ থেকে অসংখ্য ‘আক্রমণাত্মক’ কথাও শুনতে হয়। এমনকি তাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও ডাকা হয়। এমনটাই জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ভারতের এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ বশির বলেন, ‘ধোনির সঙ্গে আমি প্রকাশ্যে প্রীতি দেখানোয় ভারত-পাকিস্তান ম্যাচের সময় অনেক পাকিস্তানি দর্শক আমাকে নানা প্রশ্নের বানে জর্জরিত করেন এবং আক্রমণাত্মক কথাও বলে। তাদের মধ্য থেকে কেউ কেউ আমাকে কটূক্তি করে এবং গালাগাল পর্যন্ত করেছে। এমনকি কেউ কেউ আমাকে বিশ্বাসঘাতক বলেও ক্ষেপায়। এটি আমার জন্য অত্যন্ত হতাশাজনক, কষ্টদায়ক ও মর্ম পীড়াদায়ক।’
ধোনির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে বশির বলেন, ‘আমি ধোনিকে পছন্দ করি। কেননা, সে একজন অসাধারণ ব্যক্তিত্ব। ২০১১ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ‘ব্লকবাস্টার’ সেমিফাইনাল দেখার জন্য আমি টিকেট খুঁজেও পাচ্ছিলাম না। স্টেডিয়ামের বাইরে আমাকে হন্য হয়ে ঘুরতে দেখে এক ভারতীয় সাংবাদিক এই ঘটনা অবহিত করে ধোনিকে একটি বার্তা পাঠায়। সে না চিনে, না দেখেই আমার জন্য একটি টিকেট পাঠিয়ে দেয় এবং আমি খেলা দেখতে সমর্থ হই। সেই থেকেই সে আমার হৃদয় জয় করে ফেলেছে এবং আমি তার একনিষ্ঠ ভক্ত হয়ে পড়ি।’
মঙ্গলবার হ্যামিল্টনে ভারত-আয়ারল্যান্ড ম্যাচের সময় বিশেষ এক পোশাক ও টুপি পরে খেলা দেখতে এসেছেন বশির চাচা। পুরো পোশাক ও টুপি জুড়ে ধোনির ছবি আঁকা। তিনি বলেন, ‘মঙ্গলবার আমি ভারত ও আয়ারল্যান্ডের খেলা দেখতে এসেছিলাম। অথচ আমার কাছে টিকেট ছিল না। আমি তার কাছ থেকে টিকেট চাইনি, কিন্তু সে আমার জন্য একটি ম্যাচ টিকেট পাঠিয়ে দিয়েছে।’
মঙ্গলবার ধোনির সঙ্গে তার দেখা হয়েছে জানিয়ে বশির চাচা বলেন, ‘গতকাল টিম বাসে করে ফেরার পথে ধোনির সঙ্গে আমার দেখা হয়েছে। সম্প্রতি তার মেয়ে সন্তান পৃথিবীতে এসেছে। আমাদের ধর্মে রয়েছে, যখন কোনো কন্যা সন্তান জন্ম নেয়, তখন সে অনেক সৌভাগ্য নিয়ে আসে। আমি তাকে একথাটি স্মরণ করিয়ে দিতেই সে মুচকি হাসি দেয় এবং আমাকে ধন্যবাদ জানায়।’
সর্বশেষ তিনি বলেন, ‘ধোনি অসাধারণ ব্যক্তি এবং অধিনায়ক হিসেবেও সে দুর্দান্ত। ভারত একমাত্র তার কারণেই এবারও বিশ্বকাপ জিততে পারে।’ এ কথা বলেই ভারতের সাবেক কিংবদন্তী তারকা সুনীল গাভাস্কারের সঙ্গে ছবি তুলতে চলে যান বশির চাচা।

