সৎ মা ও বাবাকে নির্যাতনের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আদলতের একটি সূত্র থেকে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
শাওনের বাবার ২য় স্ত্রী নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ের জন্য একটি ম্যারেজ মিডিয়ায় বিজ্ঞাপন দেন। সেই সূত্রে পরিচয় এবং পরবর্তীতে নিশি ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিষয়টি জানার পর শাওন তার বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। শাওন ও তার ভাই-বোনেরা ক্ষমতার অপব্যবহার করে নিশিকে ৬ মাসের জন্য জেলে পাঠায় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। আরও অভিযোগ আছে, বাবাকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে কয়েক মাস একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রেখেছিলেন শাওন। এসব ঘটনার সঙ্গে শাওনের অন্যান্য ভাইবোনও জড়িত বলে সে সময় অভিযোগ করেছিলেন বাদী নিশি ইসলাম।

