নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় ইংল্যাণ্ডের বিরুদ্ধে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় বলেন, ‘টাইগাররা সব বাধা অতিক্রম করে’ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।’ বিশ্বকাপের আগামী ম্যাচগুলোতেও টাইগাররা জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশা করেন তিনি।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও শুভেচ্ছা জানান।
এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, এই জয়ে বেগম জিয়া ক্রিকেট দলের ম্যানেজার, কোচ ও দলের সব কিকেটারদের অভিনন্দন জানান। তিনি আশা করেন পরেও ম্যাচগুলোতেও টাইগাররা ভালো খেলবে।
সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারানোর মাধ্যমে বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল টাইগাররা। অস্ট্রেলিয়ার এডিলেড ওভালে বাংলাদেশের করা ২৭৫ রানের জবাবে ৪৮.৩ ওভারে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৬০ রানে।
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার খেলা শেষের পরই এরশাদের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেন। বার্তায় এরশাদ বলেন, ‘এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি বিশ্বে সমুজ্জ্বল হয়েছে। এ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি।’

