‘কৃষিকথা বলছি’ কৃষি বিষয়ক বিভিন্ন তথ্যে সমৃদ্ধ সংগ্রহে রাখার মতো একটি বই। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষিতথ্য সার্ভিস (এআইএস)’র মাসিক প্রকাশনা কৃষিকথা’র ইতিবৃত্ত, এতে প্রকাশিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে। এটি লিখেছেন কৃষিকথা’র সহকারি সম্পাদক মো. মতিয়ার রহমান। গত প্রায় এক দশক ধরে তিনি এই পত্রিকাটির সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করার সুবাদে অনেক অজানা বিষয় চমৎকারভাবে বইটিতে তুলে এনেছেন। আশ্চর্য এক মমতায় লেখক এর মধ্য দিয়ে কৃষিকথা’র ইতিহাসকে সকলের সামনে উপস্থাপনের চেষ্টা করেছেন। তিনি কৃষিকথা’র নানা বিবর্তনের পাশাপাশি তুলে এনেছেন কৃষিকথার দায়িত্ব পালনকারী সম্পাদকদের তালিকা, তুলে এনেছেন কৃষিকথা’র কয়েকজন বিশিষ্ট বন্ধুর পরিচিতি, কৃষি তথ্য সার্ভিসের অফিস প্রধানদের তালিকাসহ কৃষিকথা মুদ্রণ কাজের নানা ধাপগুলোও।
‘কৃষিকথা’ এ দেশের কৃষি আর কৃষকের কথা তুলে ধরছে মানুষের কাছে গত পঁচাত্তর বছর ধরে। কৃষিবিষয়ক এই ম্যাগাজিনটি এ দেশের কৃষি উন্নয়নের নানা পরিবর্তনের এক নীরব সাক্ষী হয়ে আছে। এ দেশের কৃষির পরিবর্তন আর রূপান্তরের স্বাক্ষর এর প্রতিটি পাতায় পাতায়। ‘কৃষিকথা’ এ দেশের কৃষকের কাছে এক অতি জনপ্রিয় পত্রিকা। কৃষিকথার নিজের জবানীতে কৃষিকথার জন্মকথা, দেশের নানা ঘটনা পরম্পরাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষি নিয়ে কতিপয় উক্তি, কৃষিকথার কিছু লেখকের স্মৃতি এবং কৃষিকথায় প্রকাশিত কিছু আকর্ষণীয় কবিতা অবলম্বনে কৃষিকথায় নানা প্রসঙ্গ তুলে এনেছেন কৃষিকথা’র সহকারী সম্পাদক মো. মতিয়ার রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ দেশের কৃষি প্রযুক্তি হস্তান্তর, প্রযুক্তি প্রচার ও এদের প্রসার ঘটাতে সদা দায়িত্ব পালন করে আসছে। কৃষিকথা তার জবানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠনের সংক্ষিপ্ত ইতিহাসসহ তুলে ধরেছে বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতিও। কৃষির নানা টুকিটাকি বিষয়ের সংজ্ঞা তিনি সকলের জ্ঞাতার্থে উপস্থাপন করেছেন সহজ ভাষায়। এমনকি এ দেশে কৃষি নিয়ে যেসব পত্রিকা বের হচ্ছে সেসব পত্রিকার সম্পাদকসহ পত্রিকার তালিকাও রয়েছে এই গ্রন্থটিতে।
‘কৃষিকথা বলছি’ গ্রন্থটির প্রচ্ছদ করা হয়েছে অনেকগুলো কৃষিকথা’র কাভার পৃষ্ঠা দিয়ে। গ্রন্থটি যে কৃষিকথা’র নানা প্রসঙ্গ নিয়ে লিখিত এর শুধু নাম নয় বরং এর প্রচ্ছদই সে কথা বলে দিচ্ছে। সুন্দর ঝকঝকে ছাপা ১২০ পৃষ্ঠার গ্রন্থটি প্রকাশ করেছে প্রান্ত প্রকাশন। এর মূল্য ২০০ টাকা মাত্র। গ্রন্থটি কৃষিকথা’র ভক্ত পাঠক ছাড়াও দেশের কৃষি ও কৃষির রূপান্তর নিয়ে যারা ভাবেন তাঁদের জন্য একটি মূল্যবান দলিল হিসেবে পরিগণিত হতে পারে বইটি। বইটি কৃষি তথ্য সার্ভিসের বিক্রয় কেন্দ্র ও প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে (মোবাইল : ০১৭১৩-৭৪৪৩৮০) সংগ্রহ করতে পারেন।

