ঢাকাFriday , 6 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরুলের ভালো খেলার প্রতিশ্রুতি

Link Copied!

imrul-eস্পোর্টস ডেস্ক : অনেক প্রাপ্তির ম্যাচে এনামুল হক বিজয়ের ইনজুরি টাইগার শিবিরে এসেছে অপ্রত্যাশিত ধাক্কা হয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে পাওয়া চোট তাকে ছিটকে দিয়েছে বিশ্বকাপ থেকেই। অন্যদিকে এই দূর্ঘটনা ইমরুল কায়েসকে খুলে দিয়েছে বিশ্বকাপের দুয়ার। বৃহস্পতিবার দুপুরেই প্রধান নির্বাচক ফারুক আহমেদের কাছ থেকে বাঁহাতি এই ওপেনার পেয়েছিলেন বিশ্বকাপ যাত্রার সুসংবাদ। ওইদিন রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।  দেশ ছাড়ার আগে ভালো খেলার প্রতিশ্রুতিই দিয়ে গেলেন ইমরুল।
নিউজিল্যান্ডের নেলসনে বাংলাদেশের ম্যাচ যখন চলছিল, তখন খুলনা বিভাগীয় দলের হয়ে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে  খেলছিলেন ইমরুল। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রধান নির্বাচক ফারুক আহমেদ  ফোন করে এই ব্যাটসম্যানকে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথাটি জানান।
এই অপ্রত্যাশিত সংবাদে ভীষন খুশি ইমরুল বলেন, ‘আমি যখন প্রথম শুনি, তখন বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল, যেন একটা  ঘোরের মধ্যে আছি। ক্যারিয়ারের সবচেয়ে বড় চমকটা পেলাম  যেন। তবে দুপুরের দিকে ফারুক ভাই আমাকে ফোন করে যখন বললেন- ইমরুল তুমি যাচ্ছ। তখনই আমি নিশ্চিত হয়েছি। তখন মনে হয়েছে, সাত্যিই আমি যাচ্ছি।’
ইমরুলের আন্তর্জাতিক ক্যারিয়ার গড় যেখানে ২৬.৭৩ সেখানে বিশ্বকাপে বেশ সফল। ক্রিকেটের এই বড় আসরে তার গড় ৩৭.৬০ করে। গত বিশ্বকাপে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।
অন্যদিকে চলতি বিশ্বকাপটা খুব একটা ভালো যাচ্ছিল না এনামুলের। কোয়ার্টারের স্বপ্ন পূরণ না হলে ইমরুল পাবেন দুটি ম্যাচ। তবে এসব নিয়ে নয়, বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে তিনি বলছেন, ‘এনামুল দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়ল। তাতে আমি সুযোগ পেয়েছি। আসলে এটা নিয়ে ভাবছি না। আমার চিন্তাটা প্রতিদান দিতে পারব কিনা তা নিয়ে। চেষ্টা করব সুযোগের প্রতিদান দেয়ার। অবশ্যই লক্ষ্য থাকবে ভাল খেলার। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার।’
এদিকে  ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভক্ত হয়েছেন ইমরুল। বাঁহাতি এই ওপেনারকে দলে নেয়ার বিষয়টি অনুমোদন করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। তবে শুক্রবার আইসিসির অনুমোদন পাওয়ার আগেই অবশ্য ইমরুল অস্ট্রেলিয়াগামী বিমানে ওঠেন। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল কাঁধে  চোট পাওয়ায় ইমরুলকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত  নেয় বিসিবি।