বিনোদন ডেস্ক : প্রায় ৩ মাস আগে রিকিয়া মাসুদো পরিচালিত ‘দ্য স্টোরি অব সামার’র শুটিং শেষ হয়েছে। ইতিমধ্যে ডাবিং, এডিটিং ও আবহ সংগীতের কাজও শেষ। তাই আগামী সপ্তাহেই ছবিটি সেন্সরে জমা দেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স প্রডাকশন।
সম্প্রতি ‘দ্য স্টোরি অব সামার’ ছবির আবহ সংগীতের কাজ শেষ করেছেন সুরকার শওকত আলী ইমন। এর মাধ্যমে ছবির সবধরনের কাজ শেষ হয়। ফলে আগামী সপ্তাহেই ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠানটি।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত হরর ও সায়েন্স ফিকশনধর্মী ছবি ‘দ্য স্টোরি অব সামারা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু ও সিবা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলা, পিয়া প্রমুখ।
দুটো ভিন্ন গ্রহ ও তার বাসিন্দাদের নিয়ে এই ছবির গল্প। যেখানে ভিন্ন গ্রহ থেকে আসা অশুভ শক্তির মুখে পড়ে মানব সভ্যতা। তার হাত থেকে বাঁচতে পৃথিবীর পাঁচ তরুণ মিলিত হয় তাদের পঞ্চশক্তি নিয়ে। মোকাবেলা করে অশুভ শক্তিকে।
‘দ্য স্টোরি অব সামার’ ছবিতে সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন হক, ইমরান প্রমুখ। গান গেয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমরান, পড়শী প্রমুখ।

