স্পোর্টস ডেস্ক : দল থেকে বাদ পড়ায় নিজের অফ-ফর্মকে দায়ী করে নিয়তিকেই মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। তবে জাতীয় দল থেকে অবসর গ্রহণের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে খুব শিগগিরই দলে ফেরার আশা ব্যক্ত করেছেন ৩৪ বছর বয়সী এই অস্ট্রেলীয় তারকা।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়ার পর ওয়াটসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দল থেকে বাদ পড়াটা অবশ্যই হতাশাজনক। নির্বাচকরা আমার সঙ্গে কথা বলেই এটি করেছেন। আমি বেশ কিছুদিন ধরেই ব্যাটে রান পাচ্ছিলাম না, তাই বাদ পড়তে হয়েছে। ব্যাপারটি একেবারেই সহজ। এজন্য আমি শুধু নিজেকেই দোষারোপ করতে পারি।’
দলের প্রয়োজনে ডাক পেলে খেলতে প্রস্তুত রয়েছেন জানিয়ে ওয়াটসন বলেন, ‘আমার নিজের ওপর এবং নিজের সামর্থ্যের ওপর অগাধ বিশ্বাস রয়েছে। যদি দলে খেলার সুযোগ আসে তবে আমি সেটি লুফে নিতে প্রস্তুত রয়েছি।’
বাদ পড়ায় কারো প্রতি কোনো ক্ষোভ নেই জানিয়ে ওয়াটসন বলেন, ‘আমি রানে ফেরার জন্য অনেক সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি। অতএব দোষটা আমারই। তবে আশা করছি শিগগিরই ফর্ম ফিরে পাবো এবং দলে ফিরতে পারবো।’
অস্ট্রেলিয়ার হয়ে এই পর্যন্ত ১৮২ ওয়ানডে ও ৫৬ টেস্ট খেলা শেন ওয়াটসন ২০১২ সাল থেকে দেশটির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, এই সময়ে ওয়াটসন প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন।

