আন্তর্জাতিক ডেস্ক
মরণঘাতী এবোলা ভাইরাস লাইবেরিয়ার জাতীয় অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এটি দাবানলের মত গোটা দেশে ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেয়ার সময় এ মন্তব্য করেছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ব্রাউনি সামুকাই।
তিনি অভিযোগ করে বলেছেন, এবোলা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের তাদের সামর্থ্যের চাইতেও কম সাড়া দিয়েছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু লাইবেরিয়ায় এই ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিল। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে এবোলার আবির্ভাব হওয়ার পর এই দেশটিতেই অধিক সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে।
লাইবেরিয়া, ঘানা এবং সিয়েরালিয়নে ইতিমধ্যে এবোলায় আক্রান্ত হয়ে ২২৮৮ জন মারা গিয়েছে। হু বলছে, এদের অর্ধেকই মারা গেছে গত তিন সপ্তাহে। নাইজেরিয়ায় মারা গেছে আট জন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সবমিলিয়ে ২১ জন। সেনেগালে একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সেখানে কেউ মারা যায়নি।
লাইবেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সামুকাই মঙ্গলবার এবোলা সংক্রামণ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, দেশটিতে এত বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে যে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে। নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন,‘এই পরিস্থিতি মোকাবেলায় তাদের পর্যাপ্ত অবকাঠামো, যৌক্তিক ক্ষমতা, পেশাদারি দক্ষতা এবং আর্থিক সম্পদের অভাব রয়েছে।’
এবোলার কারণে দেশটির স্বাভাবিক জীবনযাত্র ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।
এদিকে মঙ্গলবার পৃথক এক বিবৃতিতে লাইবেরিয়ায় নিযুক্ত জাতিসংঘ দূত জানান, লাইবেরিয়ায় কমপক্ষে ১৬০ জন স্বাস্থ্যকর্মী এই রোগে আক্রান্ত হয়েছেন যাদের অর্ধেকই মারা গেছেন।

