মেট্রোরেলের একক যাত্রার টিকিটের নকশা বদলে ফেলেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগে এমআরটি পাস ও একক যাত্রার টিকিটের নকশা একই রকম ছিল। এ কারণে যাত্রীরা বিভ্রান্ত হতেন। এ কারণে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। রবিবার ডিএমটিসিএলের ফেসবুক পেজে দেওয়া এক পস্টে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, এমআরটি লাইন-৬ প্রকল্পের আওতায় প্যাকেজ সিপি-৭ মোট ৩ লাখ ১৩ হাজার একক যাত্রার টিকিট এবং মোট ৮ লাখ ২৫ হাজার ৫০০টি এমআরটি পাস সরবরাহ করে। একক যাত্রার টিকিট এবং এমআরটি পাস এর ডিজাইন একই রকম হওয়ায় যাত্রী সাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এমআরটি পাসধারী যাত্রী এক্সিট গেটে কার্ড টাচ করে বের হয় এবং একক যাত্রার টিকিটধারী যাত্রীকে টিকিট এক্সিট গেটের স্লটে প্রবেশ করাতে হয়। উভয় কার্ডের ডিজাইন একই রকম হওয়ায় একক যাত্রার টিকিটধারী যাত্রী এমআরটি পাসধারী যাত্রীকে অনুসরণ করে একক যাত্রার টিকিটধারী যাত্রী টিকিটটি এক্সিট গেটের স্লটে প্রবেশ না করিয়ে টাচ করায় এক্সিট গেট এলার্ম প্রদান করে এবং সাময়িক সময়ের জন্য অকার্যকর হয়ে যায়। ফলে এক্সিট গেটে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। ডিএমটিসিএল জানায়, এরই মধ্যে ২ লাখেরও বেশি একক যাত্রার টিকিট হারিয়ে গেছে। একক যাত্রার টিকিটধারী যাত্রী টিকিটটি স্লটে জমা না দিয়ে নিয়ে যাওয়ার সময় ডিজাইন একই রকম হওয়ায় এক্সিট গেটে কর্তব্যরত ব্যক্তি একক যাত্রার টিকিটধারীকে বাধা দিতে বিভ্রান্ত হয় এবং এতে যাত্রী হয়রানিসহ নানা জটিলতা সৃষ্টি হয়।

