অভিনেত্রী শমী কায়সারকে জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ‘ইশতিয়াক মাহমুদ নামের এক ভুক্তভোগী তার বিরুদ্ধে ২৯ অক্টোবর হত্যাচেষ্টা মামলা এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।’ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গ্রেফতার হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় গ্রেফতার হন শমী কায়সার। এ মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজসহ ১৭ জনকে আসামি করা হয়। শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। গত ১৪ আগস্ট ই-ক্যাব থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

