স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি এখন ডেভিড ওয়ার্নারের দখলে। আরব আমিরাতের বিপক্ষে অনবদ্য ১৭৮ রানের ইনিংস খেলার পথে তিনি গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেনদের ছাড়িয়ে যান।
এতদিন রেকর্ডটি ছিল ম্যাথু হেইডেনের দখলে। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া অসিদের হয়ে বিশ্বকাপে অ্যাডাম গিলক্রিস্ট ১৪৯, অ্যান্ড্রু সায়মন্ডস ১৪৩ ও রিকি পন্টিং ১৪০ রানের ইনিংস খেলেছেন।
১৩৩ বলে ১৭৮ রানের ইনিংস খেলার পথে ওয়ার্নার ১৯টি চার ও ৫টি ছক্কার মার মারেন।
১৪ রানে প্রথম উইকেট হারানোর পর স্টিভেন স্মিথকে নিয়ে ২৬০ রানের রেকর্ড জুটি গড়েন ওয়ার্নার। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পক্ষে যে কোন উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০৩ বিশ্বকাপে ডেমিয়েন মার্টিন ও রিকি পন্টিং মিলে ২৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
ওয়ার্নার ও স্মিথের মধ্যকার ২৬০ রানের জুটি অস্ট্রেলিয়া হয়ে ওয়ানডে ক্রিকেটে যেকোনো জুটির সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে রিকি পন্টিং-শেন ওয়াটসন মিলে ২৫২ রানের জুটি গড়েছিলেন।
বিশ্বকাপে দ্বিতীয় উইকেট জুটিতে এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৪৪ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার-স্মিথ মিলে সেই রেকর্ডকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন।

