স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল। মুখোমুখি অবস্থানেও স্কটল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। তিন ওয়ানডের সবকটিতেই জয় টাইগারদের। তবে অনেক সময় ছোট দলের বিরুদ্ধেও চাপ তৈরি হয়। যে চাপে পড়ে হেরে যাওয়ার রেকর্ডও আছে বাংলাদেশের। বৃহস্পতিবার ভোরে নেলসনে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এই ম্যাচে বাংলাদেশই ফেবারিট। তবে ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো বাংলাদেশের জন্য কিছু চ্যালেঞ্জ বা সমস্যা চিহ্নিত করেছে, যা বিপদে ফেলতে পারে টাইগারদের। দেখা যাক কী সেই সমস্যা গুলো।
১. বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় জয়টি পেয়েছিল স্কটিশদের বিপক্ষেই, তবে বাংলাদেশই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যারা টি২০তে স্কটল্যান্ডের কাছে হেরেছে। তিন বছর আগে হল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৪ রানে। ম্যাচটি মাশরাফির ভালোই মনে থাকার কথা। আটে নেমে ১৫ রানের একটা ইনিংস খেলে শেষ চেষ্টা করেছিলেন ম্যাশ।
২. পাঁচ বছর পর এই প্রথম নিউজিল্যান্ডে খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ছয় ওয়ানডেতে মাত্র দুবার ২০০ পেরোতে পেরেছে বাংলাদেশ। জেতেনি এক ম্যাচেও।
৩. টেস্টে খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশ সেই দলগুলোর একটি, ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যাদের ভীষণ কষ্ট করতে হয়।
৪. অন্যদিকে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে অনেকটাই মিল আছে স্কটল্যান্ডের। শুধু তা-ই নয়, বাংলাদেশ যেমন এই বিশ্বকাপে প্রথম নিউজিল্যান্ডে খেলতে এল, অন্যদিকে স্কটল্যান্ড তাদের সব কটি ম্যাচই খেলেছে এখানে। শুধু তা-ই নয়, এই মৌসুমের শুরুতেও তারা নিউজিল্যান্ড সফর করে গেছে।
৫. এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় শক্তি হয়ে ছিল মাঠে প্রচুর দর্শক সমাগম। কিন্তু নেলসনে সেই পরিমাণ সমর্থন বাংলাদেশ পাবে না।
তবে সব বাধা পেরিয়ে বাংলাদেশের লক্ষ্য কিন্তু জয়ই। শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলে দেবে।

