ঢাকাSunday , 20 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও উন্নতির দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Link Copied!

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সন্তোষজনক না হলেও উন্নতির দিকে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতির অবকাশ রয়েছে। সেখানে আনসার বাহিনীরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।’ রোববার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত ১৯-আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আনসার সদস্যদের প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল, আনসাররা সে সময় তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সে সময় তারা দূতাবাস, বিমানবন্দর ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেজন্য নিঃসন্দেহে তারা সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য।’ উপদেষ্টা বলেন, ‘অঙ্গীভূত আনসারদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার উভয়েই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।’ তিনি এ সময় ভবিষ্যতে তাদের ওপর অর্পিত দায়িত্ব আরো ভালোভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ হলো দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে সংঘটিত বন্যা এবং চলমান ময়মনসিংহ ও শেরপুরের বন্যা পরিস্থিতি। তিনি বলেন, ‘কুমিল্লা দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী জেলা। বন্যার কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দাম বেড়েছে।’ এর আগে উপদেষ্টা রাজশাহী মহানগরীর নওহাটা ও খড়খড়ি বাজার পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন দ্রব্যমূল্যের খোঁজখবর নেন। বাজারে যাতে সিন্ডিকেট ও চাঁদাবাজি না থাকে, সে ব্যাপারে তিনি উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন। তাছাড়া কেউ চাঁদাবাজি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন তিনি।