নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামীকাল বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনিবার্য কারণ উল্লেখ করে পরীক্ষা স্থগিত করে পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞতিতে উল্লেখ করা হয়েছে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত ২ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি জোটের লাগাতার অবরোধের সঙ্গে হরতালের কারণে প্রথম থেকেই বিঘ্নিত হচ্ছে এসএসসি পরীক্ষা। শিক্ষামন্ত্রী কয়েকবার হরতাল না দেয়ার অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি আন্দোলনে থাকা ২০ দলের নেতারা। শুক্র-শনিবার হরতাল না থাকলেও চলমান অবরোধের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।
পরীক্ষা শুরুর পর থেকেই হরতালের কারণে শুধুমাত্র শুক্র ও শনিবার পরীক্ষা নিচ্ছে কর্তৃপক্ষ।

