ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজার সহনীয় করতে খোলাবাজারে (ওএমএস) সবজি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। সরাসরি কৃষকের কাছ থেকে আলু, পিয়াজ ও কাঁচা মরিচ কিনে রাজধানীর নির্দিষ্ট ২০টি স্থানে বিক্রি করবে কৃষি বিপণন অধিদপ্তর। মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের সামনে বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম এই তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর ২০টি স্থানে ওএমএসের মাধ্যমে স্বল্পমূল্যে সবজি বিক্রি করা হবে। স্থানগুলো হলো-সচিবালের নিকট খাদ্যভবন, মানিক মিয়া এভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজার বাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তর খান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ে ব্যাপক সমালোচনা ও উদ্বেগের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মো. মাসুদ করিম বলেন, ওএমএসে প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতিকেজি আলু ৩০ টাকা, পিয়াজ ৭০ টাকা এবং পেঁপে ২০ টাকা দরে বিক্রি হবে।

