নিজস্ব প্রতিবেদক : জার্মানিভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান রকেট ইন্টারনেটের গাড়ি বিক্রির প্ল্যাটফর্ম কারমুডি সম্প্রতি নতুন ২৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে। এই অর্থ এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় কারমুডির কার্যক্রম আরো শক্তিশালী করার জন্য ব্যয় করা হবে বলে জানানো হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর কারমুডি দ্রুতই তাদের কার্যক্রম প্রসারিত করছে। এরই মধ্যে বাংলাদেশসহ এশিয়ার ৭টি দেশে এদের কার্যক্রম চালু হয়েছে। এই অনলাইন প্ল্যাটফর্ম ভোক্তাদের সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায়ে গাড়ি, মোটর সাইকেল এবং বাণিজ্যিক যানবাহন ক্রয়-বিক্রয়ের সুযোগ দিচ্ছে।
কারমুডির সহ-প্রতিষ্ঠাতা এবং গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর স্টিফান হাউবোল্ড বলেন, ‘এই তহবিল এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় আমাদের কার্যক্রম প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের লক্ষ্য সব বাজারে গাড়ি বেচাকেনার অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা ৩০ কোটিরও বেশি সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী বাজারের আওতায় আনতে চাই। আমরা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ল্যাপটপ এবং মোবাইল ফোনে কেনাকাটার সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।’
প্রচুর পরিমাণের বৈদেশিক বিনিয়োগের সহায়তায় বাজারে এই ধরনের সার্ভিস সর্বপ্রথম নিয়ে আসে কারমুডি। তাই বর্তমানে ক্রমবর্ধমান মধবিত্ত শ্রেণির কাছে অনলাইনে গাড়ি বেচাকেনার জন্য এটি একটি নির্ভরশীল নাম। কারমুডি ইতোমধ্যেই এর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতি মাসে ১০ লাখেরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং এর নতুন ফিচারগুলো অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সব ধরনের ইন্টারনেট ব্যবহারকারীর জন্য গাড়ি বেচাকেনা অনেক সহজ করে দিয়েছে।

