স্পোর্টস ডেস্ক : তার নেতৃত্বে পরপর দু’বার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই কিংবদন্তি ক্লাইভ লয়েড বিশ্বকাপে ভারতের সফলতার পেছনে তাদের অলরাউন্ড শক্তিকেই বড় করে দেখছেন। তার মতে, ‘ভারতের পেস আক্রমন বেশ ভাল। তাদের কিছু ভালমানের স্পিন বোলারও আছে যেমন অশ্বিন (রবিচন্দ্র)। সবমিলে তারা বৈচিত্র্যপূর্ণ একটি দল। আমি মনে করি, ভারতের আছে দারুন অলরাউন্ড শক্তি।’
বিশ্বকাপে ইতিমধ্যে গ্রুপ ‘বি’তে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরাতকে হারিয়ে ভারত কোয়র্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে। আগামী ৬ মার্চ পার্থের ওয়াকায় তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যারা প্রথম ম্যাচে হেরে বসে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছে। এরপর পাকিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে প্রতাপ দেখিয়ে ঘুরে দাঁড়ালেও দক্ষিণ আফ্রিকার সামনে নাস্তানাবুদ হতে হয় ক্যারিবিয়ানদের।
ভারত-উইন্ডিজ লড়াইয়ের আগে উইন্ডিজ নির্বাচক কমিটির চেয়ারম্যান ক্লাইভ লয়েড মহেন্দ্র সিং ধোনির দলকে প্রশংসায় ভাসালেন। তিনি বলেন, ‘ভারতের মিডল অর্ডারও দারুন করছে। কোহলি দুর্দান্ত খেলছে। ধোনি যে কোন সময় যে কোন কিছু করতে পারে। চ্যাম্পিয়ন হতে ভাল অলরাউন্ড একটি দল হতে হয়।’
এরপর লয়েড যোগ করেন, ‘গত দু’বছর ধরে ভয়ংকর সুন্দর ব্যাটিং করে আসছেন কোহলি। আমি মনে করি ভারত আরও ভাল করবে। তারা তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। কাজেই তাদের বোলিং-ব্যাটিংয়ে ত্রুটি আছে, আমরা সেটা বলতে পারি না।’
শুধু ভারতের প্রশংসাই করলেন না। সাথে গেইলের প্রশংসায়ও পঞ্চমুখ হলেন লয়েড। কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে মিলও খুঁজে পেয়েছেন তিনি। শুধু তাই নয়, গেইলকে রিচার্ডসের চেয়েও এগিয়ে রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজকে দু’বার বিশ্বকাপ এনে দেওয়া লয়েড বলেছেন, ‘গেইল খুব শক্তিশালী ক্রিকেটার। ওর টাইমিং খুব ভাল। ভিভও শক্তিশালী ছিল, কিন্তু এই ছেলেটার অমানবিক শক্তি। পেস হোক, বা স্পিন দুটোই অসম্ভব শক্তি দিয়ে খেলতে পারে। ভিভ শক্তির জন্যই বিখ্যাত ছিল। কিন্তু গেইলের যেটা আছে, তা অুুলনীয়।’
দীর্ঘ সময় পর গেইল ছন্দে ফেরায় খুশি লয়েড. জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা গেইলের ইনিংসের উদাহরণ টেনে তিনি বলেন, ‘সেদিন গেইল যা ব্যাটিং করেছে তার কোনও তুলনা হয় না। অসাধারণ! আমরা গেইলের থেকে এমন ইনিংসই প্রত্যাশা করি। টি২০তে ও এমন অনেক ইনিংস খেলেছে। এবার একদিনের ম্যাচে একই কাজ করে দেখাল। ওর শক্তি আগের থেকে কিছুটা কমেছে। কিন্তু ভাবা যায় একজন পুরো ফিট নয় তার পরও ৫০ ওভারে ২০০ রান করে দিচ্ছে।’
লয়েড আশাবাদী বাকি বিশ্বকাপ গেইল এই ছন্দ ধরে রাখবেন, ‘গেইল ছন্দ পেয়ে যাওয়ায় আমরা খুশি। আশা করি এরপর বাকি বিশ্বকাপ ও একইভাবে ব্যাট করে যাবে। গেইল দীর্ঘদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজের অন্যতম শক্তি। যখন রান পাচ্ছিল না মানুষ ওকে নিয়ে অনেক কথা বলেছে। আমার মা বলত যার দক্ষতা আছে সে বড় মঞ্চে সফল হবেই।’

