বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) অতিরিক্ত সচিব সেলিম ফকিরকে ওএসডি করা হয়েছে। গত ১ লা অক্টোবর জন প্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। কেন তাকে ওএসডি করা হলো? তার উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, তিনি অতীতে ছাত্র লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। প্রশাসন ক্যাডারে তিনি আওয়ামী লীগের কর্মকর্তা হিসাবে পরিচিত। আওয়ামী সরকার আমলে তিনি রাজনৈতিক তদবীরে ভালো ভালো পোস্টিং বাগিয়ে নিয়েছেন। এছাড়া বিআইডব্লিউটিএতে যোগদান করার পর তিনি নিয়োগ, বদলী, টেন্ডার খাতে কোটি কোটি টাকা উপার্জন করেছেন বলে সূত্র জানায়। তার বিষয়ে একাধিক গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদনও রয়েছে। আরো জানা গেছে, ১লা অক্টোবর তাকে ওএসডি করা হলেও তিনি অদ্যাবধি বিআইডব্লিউটিএ ছেড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেননি। তিনি এই আদেশ বাতিল করার জন্য উপদেষ্টা, সচিব ও রাজনৈতিক মহলে তদবির করে বেড়াচ্ছেন। আওয়ামী ঘরাণার এসব কর্মকর্তা অন্তর্বর্তীকালিন সরকারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রশাসন বিশেষজ্ঞরা।

