লেবাননের প্রতিবেশী সিরিয়ায় অবস্থিত একটি বিমানঘাঁটির কাছে বড় আকারে বিস্ফোরণ হয়েছে। বুধবার রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পায়। এতে দেখা যায়, হমেইমিম বিমানঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ হয়েছে। এই বিমানঘাঁটিটি দামেস্ক থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে। রাশিয়ান বাহিনী এই বিমানঘাঁটি ব্যবহারের ইতিহাস আছে। ২০১৭ সালে সেখানে গোলা নিক্ষেপের ফলে দু’জন সার্ভিসম্যান নিহত হন। তার কয়েকদিন পরে রাশিয়া দাবি করে তারা ওই বিমানঘাঁটিতে ড্রোন হামলা পণ্ড করে দিয়েছে। এ খবর দিয়ে বিবিসি বলেছে, তারা সর্বশেষ বিস্ফোরণের একটি ছবি যাচাই করেছে। এ জন্য স্যাটেলাইটের ছবি নিয়ে মিলিয়েছে ওই স্থানের সঙ্গে। তাতে তারা নিশ্চিত হয়েছে ছবিটি নতুন। তবে বিমানঘাঁটির কতটা কাছে এই ঘটনা ঘটেছে তা যাচাই করতে পারেনি বিবিসি।

