বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মো. শাওন তালুকদার (২১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহীন রেজার আদালতে নিহতের খালাতো ভাই মো. আব্দুল হালিম এ মামলা করেন। সকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে এ ঘটনা নিয়ে আগে কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

