ঢাকাThursday , 19 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের ঘোষণায় প্রবাসীরা, চমক তাজ নেহার

Link Copied!

যে কোনো বৈশ্বিক আসরের আগে দল ঘোষণার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবরই সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে এবার নারী বিশ্বকাপের দল ঘোষণায় কিছুটা ভিন্নতা এনেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা সেই ভিডিওতে জানান আসন্ন বিশ্বকাপে কারা প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের। বিসিবি’র উইমেন্স উইংসের হেড ও বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সূচনা বক্তব্যের পর ১০টি দেশের ১০ প্রবাসী বাংলাদেশি ১৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। বেলা সাড়ে ১২টায় বিসিবি ফেসবুক পেজে আপলোড হওয়া ভিডিওর সূচনা বক্তব্যে হাবিবুল বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব একটা দেরি নেই। আমাদের মেয়ে ক্রিকেটাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবারের বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।’ শুরুতেই কানাডায় বসবাসরত বাংলাদেশি এক প্রবাসী নারী নিগার সুলতানা জ্যোতির নাম বলেছেন। জ্যোতির কাঁধেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব ভার। প্রবাসী সেই নারী জ্যোতির পাশাপাশি মারুফা আকতারের নাম বলেন। এরপর একে একে জাহানারা আলম, নাহিদা আকতার, স্বর্ণা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মণিদের নাম ঘোষণা করা হয়। কানাডা ছাড়াও দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের নাম ঘোষণা করেন। প্রবাসীরা সবাই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা জানান। দল ঘোষণার ভিডিওর শেষে নারী দলকে শুভকামনা জানান পুরুষ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বিসিবি প্রেস কনফারেন্স রুমে প্রজেক্টরে ভিডিওটি আবার দেখানো হয় সাংবাদিকদের। এরপর শুরু হয় সংবাদ সম্মেলন। শুরুতেই প্রশ্ন করা হয় প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দল ঘোষণার প্রসঙ্গে। উত্তরে বিসিবির উইমেন্স উইংসের হেড হাবিবুল বাশার বলেন, ‘আমাদের বিশ্বকাপ এবার খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেটে কিন্তু খুব বড় একটা শক্তি ফ্যানরা। আমরা দেখেছি শুধু দেশের মানুষ যারা, তারা তো এখানে থেকে ফলো করেন। কিন্তু আমরা যখন প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন; তাদের একটা বড় অংশ কিন্তু আমাদের ফলো করেন।’ তিনি বলেন, ‘দেখার বিষয় ছিল তারা আমাদের (নারী ক্রিকেটের) কতটুকু খবর রাখছে। দেখেছি সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বিশ্বকাপের দিকে। তারা যে আসলে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সঙ্গে, সেটার জন্যই আমাদের এই প্রয়াস। এটার জন্যই তাদের কাছ থেকে স্কোয়াড ঘোষণা করা।’ হাবিবুল বাশার আশা করেন বিশ্বকাপে আরব আমিরাতে প্রবাসীরা মাঠে এসে সমর্থন দিবেন বাংলাদেশের মেয়েদের। তিনি বলেন, ‘প্রবাসীরা সবসময় সমর্থন দেন। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি, পরে দেখতে গেছি তখনও দেখেছি প্রবাসীরা মাঠে আসেন, এটা আমাদের অনেক বড় শক্তি। আরব আমিরাতে যারা আছেন, আশা করবো আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সমর্থনটা আমাদের মেয়েদের আসলেই অনেক সাহায্য করবে।’ দলে চমক বলতে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজ নেহার। ২৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন। এছাড়া দীর্ঘদিন পর গত এশিয়া কাপ দিয়ে দলে ফেরা রুমানা আহমেদের জায়গা হয়নি বিশ্বকাপে। তবে আছেন অভিজ্ঞ পেসার জাহানার আলম। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা দিশাও আছেন দলে। ২০ বছর বয়সী দিশা ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। আর সাথী রানী দলে ফিরেছেন এক বছর পর। দলে সুযোগ পাওয়া ব্যাটার সোবহানা মুশতারীর সাম্প্রতিক ফর্ম যে ভালো নয়, সেটা স্বীকার করেছেন নারী ক্রিকেটের নির্বাচক সাজ্জাদ আহমেদও। তিনি বলেন, ‘এটা ঠিক, যে রকম আশা করেছি, ও সেরকম খেলতে পারছে না। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো বিকল্পও নেই। এশিয়া কাপে আমরা ইশমা তানজিমকে চেষ্টা করেছি। কিন্তু এশিয়া কাপ বা এর আগে জাতীয় লীগেও সে ভালো করেনি। সোবহানা মূলত তিন নম্বরে খেলে। তবে প্রয়োজনে পেছনের দিকেও সে খেলতে পারে। তাকে চাইলে ফ্লোটার হিসেবেও কাজে লাগানো যায়।’ শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ২ ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে যাওয়ায় প্রধান নির্বাচকের আশা, জয়ের এই অভিজ্ঞতা মেয়েদের কাজে লাগবে বিশ্বকাপেও। সাজ্জাদ আহমেদ বলেন, ‘আমি আশাবাদী আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। আর যদি সামর্থ্যের ১১০ ভাগ দিয়ে খেলতে পারি, তাহলে সেমিফাইনালে যাওয়ারও সম্ভাবনা আছে।’ এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩রা অক্টোবর শারজায় বিকাল ৪টায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিশা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, রিতু মণি, নাহিদা আকতার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আকতার, তাজ নেহার, রাবেয়া খান ও সুলতানা খাতুন।