স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে আগামী বুধবার বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের খেলা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার একস কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, প্যাট কামিন্স এর পেশিতে হালকা চোট লেগেছে। ফলে বিশ্বকাপেন নবীনতম দল আফগানিস্তানের বিপক্ষে সে নাও খেলতে পারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত ৭ রান করার পর বল হাতে ৩৮ রানে ২ উইকেট নেন কামিন্স। রোমাঞ্চকর সেই ম্যাচে ১ উইকেটে পরাজিত হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডে বিপক্ষে বল করার সময় পড়ে গিয়ে পায়ের পেশিতে চোট পান ২১ বছর বয়সী কামিন্স। সেই ধকল সামলে আবার বল করলেও ম্যাচ শেষে তার ইনজুরির বিষয়টি ধরা পড়ে।
আপাতত ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্যাট কামিন্স। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার ইনজুরি ততোটা গুরুতর নয়। বুধবার আফগানিস্তানের বিপক্ষে কামিন্স না খেলতে পারলে কপাল খুলতে পারে পেসার জস হ্যাজেলওডের। সেরা একাদশে জায়গা পেতে পারেন তিনি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডেকে ১১১ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করা অস্ট্রেলিয়া পরের ম্যাচের বৃষ্টির কারণে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে। আর গত ম্যাচে তো নিউজিল্যান্ডের কাছে হেরে যায় এক উইকেটে। ফলে কোয়ার্টার ফাইনালে যেতে হলে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে পরের ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ মাইকেল ক্লার্ক বাহিনীর জন্য।

