ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ক্রিকেটাররা। ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে কদিন আগেই পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই অনেকেই মনে করছেন, ভারতের মাটিতে এবারের সিরিজ একপেশে হবে না। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। শান্ত বলেন, পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক, এটাই পরিকল্পনা। সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করবো, দলের হয়ে অবদান রাখার।
ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে দাবিতে শান্ত বলেন, এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ, আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে তারা। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচদিন ভালো ক্রিকেট খেলা। কারণ, বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফল হয়। তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কি ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে, তাই আশা করছি, ভালো কিছুই হবে। এদিকে ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসার শরীফুল ইসলামের জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিক ডাক পেয়েছেন। দুই ম্যাচ টেস্ট সিরিজের মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানুপুরে হবে দ্বিতীয় টেস্ট। ৬, ৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ যথাক্রমে গোয়ালিওর, নয়াদিল্লি ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। সবশেষ ২০১৯ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। ওই সিরিজে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ২-১ ও দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল সফরকারীরা। দুটি টেস্টই তিনদিনে জিতে নিয়েছিল ম্যান ইন ব্লুরা।

