নিজস্ব প্রতিবেদক : তার নাম মীম নোশিন নাওয়াল খান। নবম শ্রেণীর ছাত্রী। তার প্রথম বইটি বইমেলায় আসে যখন তার বয়স মাত্র আট। তখন সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ২০০৯ সালে বের হয় তার প্রথম ছড়ার বই ‘কনকচাঁপা’। বইটি প্রকাশ করে ঝিঙেফুল প্রকাশনী। মূলত প্রকৃতি থেকেই লেখার অনুপ্রেরণা পায় সে।
‘বুকের ভেতর স্বপ্ন’ গল্পের জন্য মীম ইতোমধ্যে জিতে নিয়েছে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। পুরস্কার হিসেবে পায় নগদ ৫০ হাজার টাকা। এ পর্যন্ত মীম চারবার মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পায়। তিনবার বিজয়ী হয়।
এবারের বইমেলা মীমের সপ্তম। এবার তার দু’টি বই প্রকাশিত হয়েছে। ‘একটি কলাপাতার বাঁশি’ বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। বইটি সম্পর্কে মীম জানায়, গ্রামীণ প্রেক্ষাপটে লেখা এটি। বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।
মীমের প্রকাশিত আরেকটি বই ‘আয়লিন ও স্বর্ণরহস্য’। এটি মূলত অ্যাডভেঞ্চার ধর্মী বই। বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন।
এবারের বইমেলা সম্পর্কে মীম বলে, ‘হরতাল-অবরোধের কারণে মেলায় আসা হয় না। শুক্র-শনিবার এখন স্কুল খোলা থাকে। তাই ইচ্ছে থাকলেও ওই দিনগুলোতেও ঠিক তেমন একটা আসা হয় না। নিরাপত্তাজনিত কারণে সবাই ভীত থাকে। মেলার এই দিকটা অন্যান্য বারের চেয়ে আলাদা মনে হয়েছে আমার।’
মীমের প্রিয় লেখকদের তালিকায় আছেন মুহাম্মদ জাফর ইকবাল, শরৎচন্দ্র, বিভূতিভূষণ এবং জে কে রাউলিং।
সে ভালোবাসে ছবি আঁকতে। ছবি তুলতেও ভালোবাসে সে। সময় পেলেই চুপিসারে গাছের সঙ্গেও কথা বলে।
মীম নোশিন নাওয়াল খানের স্বপ্ন এম আই টি, ক্যালটেক অথবা হারভার্ডে পড়ার। মীম জানায়, লেখালেখিটা তার খুব শখের বিষয়। তার পড়ার বিষয় বিজ্ঞান। সে ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায়।

