
স্পোর্টস ডেস্ক : পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলিং তোপের মুখে পড়ে ১০২ রানেই গুটিয়ে গেল বহুজাতিক ক্রিকেট খেলুড়ে দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিনের ঘূর্নিতেই কাটা পড়তে হয় তাদের। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোন দলের এটিই সর্বনিম্ন রান।
শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়। খুব কম রানের ব্যবধানে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব দেশটি। ইনিংসের শুরুতেই দুই উইকেট হারায় আরব আমিরাত। সাজঘরে ফেরেন দুই ওপেনার আমজাদ আলি (৪) ও আন্দ্রে বারেনজার (৪)। এরপর দ্রুত ফিরেছেন বাকিরাও।
শেষ উইকেটে শাইমান আনোয়ার আর মানজুলা গুরুগে ৩১ রানের জুটি না গড়লে ৮০ রানের মধ্যেই অলআউট হয়ে যেতো আরবরা। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান সাইমন আনোয়ার করেন সর্বোচ্চ ৩৫ রান। ভারতের পক্ষে ২৫ রান দিয়ে চারটি উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন। দুটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব ও রবিন্দ্র জাদেজা। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও মোহিত শর্মা।
‘বি’ গ্রুপের ম্যাচে পরস্পরের মোকাবেলা করছে দল দুটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারত হালকা চোটগ্রস্থ পেসার মোহাম্মদ শামির বদলে উত্তর প্রদেশের ভুবনেশ্বর কুমারকে সেরা একাদশে জায়গা করে দেয়। তাছাড়া বাকি দল অপরিবর্তিতই আছে। প্রসঙ্গত, ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই বড় জয় পেয়েছে।

